প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অংশ নেন। বৈঠকে দেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস কমে যাওয়ার প্রেক্ষাপটে বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।
বৈঠকে অংশগ্রহণকারীরা মত দেন, কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে সহায়ক বই পড়ার পরিবেশ তৈরি করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠচর্চা কার্যক্রম জোরদার করা, বইভিত্তিক সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করে তুলতে নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান। এছাড়াও বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


